কালিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু গুলিবিদ্ধ, বোমা-দা উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১১:১৭
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে  ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু জিয়া বাহিনীর সদস্য ফজলুল হক (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজের গড় মাঠ সংলগ্ন এলাকায় আজ সোমবার এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফজলুল হক মৌতলা গ্রামের মমতাজ আহমেদ কারিকরের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁটি বোমা ও একটি দা উদ্ধার করেছে।
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার মৌতলা গ্রামের নামাজগড় এলাকায় কয়েকজন বনদস্যু একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সোমবার ভোরে সেখানে অভিযান চালায় । এ সময় ডাকাতরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে  পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে । এতে সুন্দরবনের ত্রাস জিয়া বাহিনীর অন্যতম সদস্য ফজকুল হক পাঁয়ের হাটুতে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ ফজলুলকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। তবে অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। ফজলুল হকের বিরুদ্ধে কালিগঞ্জ ও শ্যামনগর থানায় অস্ত্র, দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।