ফরিদপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৬
 
ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় হাইওয়ে পুলিশের এপিএসআই জয়নুল আবেদীন(৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার নয়টার দিকে কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জয়নল করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে।
করিমপুর হাইওয়ে ফাড়ির ইনচার্জ সার্জেন্ট আরিফ হোসেন জানিয়েছেন, সোমবার সকাল আটটা থেকে মহাসড়কের ঐ স্থানে দায়িত্ব পালন করছিলেন এপিএসআই জয়নুল আবেদীন। সকাল নয়টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় কামারখালী থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পলাতক রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।