কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩৭

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১০টি ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান পাড়া গ্রামের মাহাতাবের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম, মো মোস্তাফিজার রহমান, আবুল কালাম ও এমদাদ হোসেনের ১০টি টিনের ঘর, আসবাবপত্র, নগদ ২০ হাজার টাকা,৩ ০ মন ধান চাল, একটি গরু ও চারটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে অর্ধশতাধিক হাঁস মুরগী মারা যায়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব কুমার রায় (দিপু) জানান, সব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই পরিবারগুলোর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।