নেত্রকোনায় হত্যা মামলা: ১৪ জনের যাবজ্জীবন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৫৩
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উত্তর শংকরপুর গ্রামের আব্দুল কদ্দুছকে (২৬) হত্যার অভিযোগে ১৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এ অভিযোগ থেকে ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, দূর্গাপুর উপজেলার দক্ষিণ নাওধারা গ্রামের মতি মিয়া (৪৫), লুৎফুর রহমান (৩০), নুরুল ইসলাম (৩৬), রেনু মিয়া (৩৫), হাফিজ উদ্দিন (৪০), আবু সাইদ ওরফে আবু সাহেদ (৩৮)(পলাতক), আ. বারেক (৪২), আঃ জলিল (৪০), হায়দার আলী(৩০), সেলিম(২৩), আঃ জব্বার(৬০), রমজান আলী (৪৫), বিল্লাল হোসেন(৩৫) এবং মাহাদি (২৮)।
 
আজ সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় প্রদান করেন।
 
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শংকরপুর গ্রামের আব্দুল কদ্দুসের শ্বশুর দক্ষিণ নাওধারা গ্রামের হাজী মন্তাজ উদ্দিনের সাথে একই গ্রামের মতি মিয়া গংদের গ্রাম্য সামাজিকতা ও প্রতিপত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিগত ২০০৪ সালের ১৮ আগস্ট বিকাল পাঁচটায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আব্দুল কদ্দুছ নিহত হন
 
পরদিন ১৯ আগস্ট নিহতের বড় ভাই ওসমান গনি বাদী হয়ে ২৫ জনকে আসামি করে দুর্গাপুর থানায়  হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৬ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের  সাক্ষ্য-প্রমাণাদি গ্রহণ করে এ রায় দেন।
 
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোহাম্মদ সাইফুল আলম প্রদীপ আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নজরুল ইসলাম খান।