নরসিংদীতে বিমান থেকে খসে পড়ল তেলের ট্যাংক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৯

নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর এলাকায় বিমান বাহিনীর দুইটি প্র্রশিক্ষণ বিমান উড়ে যাওয়ার সময় সেখান থেকে দুইটি বস্তু পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বস্তু দুইটি ১০০ গজের ভেতর পড়েছে বলে স্থানীয়রা জানায়। আজ সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ডৌকারচরের চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমান দুইটি এ এলাকার উপর দিয়ে পাশাপাশি উড়ে যাচ্ছিল। এসময় একটি বিমান অপরটির সাথে হালকা ধাক্কা লাগে। পরে দুইটি বস্তু সেখান থেকে নিচে পড়ে। তবে বিমানের কোনো ক্ষতি হয়নি।
তবে, এ ঘটনায় বিমানটির ভৈরবে জরুরি অবতরণ করার কথা শোনা গেলেও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি অস্বীকার করেছে।  
রায়পুরা থানার ওসি কাজী মিজানুর রহমান বলেন, বিমান বাহিনীর একটি বিমান থেকে দুইটি ট্যাংকের মতো বস্তু ধানক্ষেতে পড়েছে।  বিমান বাহিনীর সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছে, সেগুলো তেলের ট্যাংক। পুলিশ ঘটনাস্থলে গেছে।
ভৈরব থানা পুলিশ জানায়, তাদের কাছে এরকম কোনো তথ্য নেই।
আইএসপিআর-এর একজন কর্মকর্তা জানান, বিমানটি নিরাপদে ঢাকায় ফিরে এসেছে। তেলের ট্যাংক পড়ে গিয়েছিল, এ ছাড়া কোনো সমস্যা হয়নি। জরুরি অবতরণের খবরও সঠিক নয়।