চীনের জিয়াংসু প্রদেশের গাওইউ জেলার এক বালক নদী থেকে তিন হাজার বছরের পুরনো ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার করেছে। আজ সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা সিনহুয়ার এক বিবৃতিতে বলা হয়, ১১ বছর বয়সী ইয়াঙ জুনসি বলেছে, লোয়ঝাউলিন নদীতে হাত ধুতে গিয়ে তলোয়ারটির প্রান্ত তার হাতে স্পর্শ করে। কৌতুহলবশত সে এটাকে হাতে তুলে নেয়। বাড়িতে নিয়ে যাওয়া পর জুনশির বাড়িতে স্থানীয়রা ভিড় জমায়।
জুনসির বাবা জিনহুয়া জানান, কিছু লোক তরবারিটি চড়া দামের কিনে নিতে চেয়েছিল। তবে আমার মনে হয়েছে পুরনো এই জিনিসটি বিক্রি করা অন্যায় হবে।
প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, ১০ ইঞ্চির এই ব্রোঞ্জের তলোয়ারটির উপাদান, আকার ও আকৃতি দেখে মনে হচ্ছে এটি চীনা সভ্যতার প্রথম দিককার শাং অথবা ঝাউ বংশের হতে পারে।
কর্তৃপক্ষ এখন নদীতে প্রত্নতাত্ত্বিক খনন করার পরিকল্পনা করছে।
তলোয়ারটি কর্তৃপক্ষকে দেয়ার জন্য জুনসি ও তার বাবাকে পুরস্কার প্রদান করা হয়েছে।
