ঢাবির ১০ শিক্ষার্থীর সিতারা পারভীন পুরস্কার লাভ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২৫
 
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০১৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী প্রথম ১০জন কৃতি শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ লাভ করেছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- মো: মাহফুজুর রহমান, মো: আসাদুজ্জামান, আমিনা খাতুন, মো: জাকারিয়া খান, ফেরদৌসি আরা, নুসরাত শারমিন, মো: রাশেদুল ইসলাম, মো: জাকির হোসেন, মো: ফজলে রাব্বি হায়দার এবং মো: ওয়াসেক উর রহমান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ প্রদান করেন বিভাগের অধ্যাপক মফিজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষাক্ষেত্রে তিনি যে অবদান রেখে গেছেন, জাতি তা কখনো ভুলবেনা। তাঁর আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ ও  জাতি গঠনে ভূমিকা রাখার জন্য তিনি পুরস্কারপ্রাপ্তদের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।