‘বিএনপি ক্ষমতায় এলে এই সরকারের কালাকানুন পরিবর্তন হবে’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৮
 
 
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারপতিদের অভিশংসন আইন পরিবর্তন নিয়ে আইনমন্ত্রী জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। বাস্তবতা হলো, এরা যদি বিচারকের অভিশংসনের আইন করে তা হবে আওয়ামী লীগের নিজস্ব বিচারিক ক্ষমতা। এ সরকারের বিচারপতিদের অভিশংসনের আইন পরিবর্তন করার কোনো অধিকার নেই। এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। সংসদে যারা আছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। তিনি বলেন, এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে আইন পরিবর্তন করছে। সরকার নিজেদের খেয়াল খুশিমত সংবিধানকে পরিমার্জন পরিবর্ধন করে দলীয় সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে দিচ্ছে। সরকার পরিবর্তন হয়ে জনগন বিএনপিকে ক্ষমতায় আনলে সকল কালাকানুন আইন পরিবর্তন করা হবে।
সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চলতি মাসের ৫ তারিখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় খলিলুর রহমান আহত হন।
মির্জা আলমগীর বলেন, বিচারপতি অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে বিএনপি কর্মসূচি দিবে। তবে দলীয় ফোরামে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। বিরোধী দলকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হয়রানীর উদ্দেশ্যেই একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। মামলা হামলার মাধ্যমে বিরোধী পক্ষকে দমন করতে চায়। কিন্তু তারা সফল হবে না।