বানরের ওপর ইবোলা টিকার সফল পরীক্ষা সম্পন্ন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২০:১৭
 
 
বানরের ওপর ইবোলা টিকার সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, টিকা দেয়া বানরগুলো ইবোলার সংক্রমণ থেকে ‘দীর্ঘমেয়াদে’ মুক্ত হয়েছে। সমীক্ষায় মানব দেহের ওপর এ টিকার পরীক্ষার বিষয়টি অনুমোদন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, টিকা নিলে কমপক্ষে ১০ মাস ইবোলার সংক্রমণ থেকে মুক্ত থাকা যাবে।
যুক্তরাষ্ট্রে মানুষের শরীরে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলতি সপ্তাহে শুরু হয়েছে এবং যুক্তরাজ্য ও আফ্রিকায় শুরু করা হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, পশ্চিম আফ্রিকায় এ রোগে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি লোক মারা গেছে। ইবোলার বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি পরীক্ষামূলক চিকিত্সা বর্তমানে বিবেচনায় নেয়া হয়েছে।