স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সমন্বিত প্রয়াসের মাধ্যমে অচিরেই রাজধানীর ফুটপাতগুলোকে সম্পূর্ণরূপে দখলমুক্ত করা হবে। সোমবার সংসদে সরকারি দলের আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রাজধানীর ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখার জন্য ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফুটপাত অবৈধ দখলমুক্ত রেখে পথচারীদের যাতায়াত নির্বিগ্ন করতে কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
অবৈধ দখলদার বা হকাররা উচ্ছেদের পর পুনরায় ফুটপাত দখল করছে উল্লেখ করে তিনি বলেন, একই স্থানে বার বার উচ্ছেদ অভিযান চালিয়ে সুফল পাওয়া যাচ্ছে না। কর্পোরেশনের আন্তরিক সদিচ্ছা ও প্রচেষ্টা থাকা সত্ত্বেও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতার অভাব এবং ফুটপাত দখলে প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতার কারণে ফুটপাত থেকে অবৈধ দখলদারদের সম্পূর্ণরূপে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। সৈয়দ আশরাফ বলেন, ঢাকার ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
