সাতক্ষীরায় স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে উদ্ধারে এগিয়ে আসলে স্ত্রী সাফিয়া খাতুনও মারাত্মক জখম হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে সদর উপজেলার গদঘাটা গ্রামের নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। আবুল হাসান ওই গ্রামের মৃত ইউসুফ আলী দালালের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, গত চার মাস আগে সাতক্ষীরা সদর হাসপাতালে ছেলের চিকিৎসাকালীন সময়ে আবুল হাসানের স্ত্রী সাফিয়া খাতুনের সাথে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের জুয়েল নামের এক ব্যক্তির পরকীয়া সর্ম্পক গড়ে ওঠে। আবুল হাসান অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে ফেরাতে পারেননি। প্রতিনিয়ত ওই যুবক সাফিয়া খাতুনকে জিনিসপত্র দেয়া-নেয়া করতো। এরই জের ধরে আবুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত সাফিয়া খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
