সুস্থ জাতি গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৭
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সুস্থ জাতি গড়ে তোলার লক্ষ্যে আমার কাজ করছি। এজন্য সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং আঞ্চলিক কমিটির ৬৭তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একজন মা যখন সুস্বাস্থ্যের অধিকারী হন, তখন তার  সন্তানও স্বাস্থ্যবান হয়। তাই নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের স্বাস্থ্য ও জীবনমান সহায়ক নানামুখী সেবা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, জেন্ডার সমতা, নারীর মতায়ন এবং পরিকল্পিত পরিবার নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছি।
তিনি বলেন, বর্তমান সরকার নিম্ন আয়ের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ফলে দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মার্গারেট চ্যান, ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি পুনম ত্রেপাল সিং বক্তব্য দেন।