ক্লোজআপ ওয়ানের চতুর্থ আসরের সেরা দশের নয়জন শিল্পী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের শুরুটা ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের ফোবানা সম্মেলনে, আর শেষ হবে অ্যারিজোনায়। মাঝে নিউজার্সি, ফ্লোরিডা ও পেনসিলভেনিয়ার কনসার্টে প্রবাসীদের মাতিয়ে তাদের বর্তমান অবস্থান নিউইয়র্কে। এভাবে আটটি রাজ্য সফর করবেন এই তারকা শিল্পীরা। বিভিন্ন রাজ্যে তাদের সদর্প উপস্থিতি যেন প্রাণ ফিরে পেয়েছে বাংলা গান। তাদের গানে মুগ্ধ এখানকার প্রবাসী বাংলাদেশিরাও।
ইউনিলিভার ও বেসরকারি টেলিভিশন এনটিভি’র সঙ্গীত প্রতিভা খোঁজার সবচেয়ে বড় আসর ‘ক্লোজ আপ ওয়ান, তোমাকে খুঁজছে বাংলাদেশ-২০১২’ প্রতিযোগিতায় বিচারক ও দর্শক ভোটে সেরা দশ কণ্ঠশিল্পী মনোনীত হন যথাক্রমে লায়লা, সোহাগ, টুটুল, জান্নাত, ঋতু, বাবু, শেফালী, কেয়া, সিঁথি ও প্রিয়াঙ্কা। এনটিভির নির্বাহী প্রযোজক ও অনুষ্ঠানটির সমন্বয়ক, কবি ও সাংবাদিক আলফ্রেড খোকন দশ শিল্পীর মধ্যে প্রিয়াঙ্কা ছাড়া সবাইকে নিয়ে গত ২৯ আগস্ট যুক্তরাষ্ট্র সফরে যান। অনেকটা পুরস্কারস্বরূপ ক্লোজআপ ওয়ানের সেরা দশজনকে যুক্তরাষ্ট্র সফরে নিয়ে যাওয়া হয়। এর আগের তিনটি আসরের সেরা দশের শিল্পীরাও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেন।
এবারের চতুর্থ আসরের সেরা শিল্পীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের আদ্যোপান্ত জানাতে সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির সাউন্ডভিউ ব্রডকাস্টিং করপোরেশনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনটিভি ইউএসএ’র প্রযোজক আবীর আলমগীর জানান, ক্লোজ আপ ওয়ানের সেরা শিল্পীরা যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যে গান করবেন। আগামী ২০ সেপ্টেম্বর অ্যারিজোনা রাজ্যে তাদের সর্বশেষ কনসার্ট হবে। তবে এর আগে আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত রাজ্য নিউইয়র্কে কনসার্ট করবেন ক্লোজআপ ওয়ানের সেরা শিল্পীরা। প্রায় ৫শ জন ধারণক্ষমতার সাউন্ডভিউ মিলনায়তনে কনসার্টটি হবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে এনটিভির নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকন জানান, লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ২৮তম ফোবানা সম্মেলনে ক্লোজআপ ওয়ানের শিল্পীদের গান শুনে প্রবাসীরা মুগ্ধ হন। একইভাবে নিউজার্সি, ফ্লোরিডা ও পেনসিলভেনিয়ার কনসার্টে প্রবাসীদের মাতিয়ে রাখেন তারা। তিনি বলেন, নয়জন শিল্পীর প্রত্যেকেই মৌলিক গান ছাড়াও বাউল ও লোকজসহ বিষয়ভিত্তিক গানে পারদর্শী। ক্লোজআপ ওয়ানের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন নাটোরের মেয়ে লায়লার বাউল গান শ্রোতারা দারুণ উপভোগ করেন। একইভাবে ঋতুর ক্ল্যাসিক্যাল, সোহাগের লোকজ, বাবুর ব্যান্ড, কেয়ার পুরনো দিনের এবং শেফালীর চট্টগ্রামের আঞ্চলিক গানসহ সবার পরিবেশনা হৃদয় ছুঁয়ে যায়।
আলফ্রেড খোকন আরো জানান, ক্লোজআপ ওয়ানের চতুর্থ আসরে বাংলাদেশের বাইরে প্রবাসীরাও অংশ নিয়েছিলেন। তিনি জানান, উত্তর আমেরিকা থেকেও দুজন অংশ নিয়েছিলেন। তবে প্রথম পর্বেই তারা বাদ পড়ে যান। এক্ষেত্রে দুবাই প্রবাসী বাংলাদেশি সোহাগ রানার আপ হন। তিনি জানান, এখানে প্রবাসীদের জন্য আলাদা কোনো কোটা ছিল না। যোগ্যতা দিয়েই সেরা দশ মনোনীত হয়েছে।
এক প্রশ্নের জবাবে আলফ্রেড খোকন জানান, চারটি আসরে দু-একজন ছাড়া সবাই সঙ্গীতে টিকে আছেন এবং তারা যার যার অবস্থান নিয়েই আছেন। এসএমএস’র মাধ্যমে সেরা দশ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সেরা দশ নির্বাচন করতে হলে এসএমএস’র প্রয়োজন আছে। কারণে অনেকের ফলাফলই কাছাকাছি থাকে। এক্ষেত্রে দশজন রেখে বাকীদের বাদ দেয়া বিচারকদের জন্য কঠিন হয়ে পড়ে। তবে একটি পর্যায়ের পর এসএসএম পদ্ধতি উঠিয়ে দেয়া যেতে পারে বলে মনে করেন আলফ্রেড খোকন।
সংবাদ সম্মেলনে খালি গলায় গান গেয়ে শোনান ক্লোজআপ ওয়ানের চ্যাম্পিয়ন লায়লা। একইভাবে শিস দিয়ে গান করেন সিঁথি।
