ফরিদপুরে মহাসড়কে একটি ট্রাক উল্টে দুইজন নিহত হওয়ার পর তাদের উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আরেকজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১১টার দিকে শহরতলীর পিয়ারপুর বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এই দুর্ঘটনায় গরুবাহী ওই ট্রাকে থাকা ছয়টি গরুও মারা পড়ে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, গরুবোঝাই ট্রাকটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও অন্যজন তার সহকারী।
নিহতরা হলেন-যশোরের ঠাণ্ডু শেখ (৩২), মুন্সীগঞ্জের শওকত ব্যাপারী (৩৫)। আর উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে মারা যান স্থানীয় পিয়ারপুর গ্রামের লিটু মাতুব্বর (৪০)।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর
ও ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।
উপজেলা চেয়ারম্যান বাবর বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে আঘাত করলে সেটি ভেঙে পড়ে। তখন উদ্ধার করতে গিয়ে পিয়ারপুর গ্রামের লিটু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
