ফেনীতে শ্রমিক লীগ নেতা খুন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪৮

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সাইফুল (৩০) খুন হয়েছেন।
সোমবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজার এলাকার রাস্তার উপর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মমিনুল হকের ছেলে।
জানা গেছে, সোমবার বিকেলে সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সৈয়দ আহমদের ছেলে পেয়ার আহমদ। এরপর থেকে তার মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা যায় নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিষয়টি থানায় অবহিত করা হয়। পরে রাত ৯টার দিকে পুলিশ সেবারহাট এলাকার সড়কের উপর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে সাইফুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, এ ব্যাপারে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।