মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটনকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ছাতিয়ান গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে বোমা, অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়।
এদিকে জাহাঙ্গীরকে গ্রেফতারের প্রতিবাদে সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দীতে সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে যুবলীগ কর্মীরা।
র্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তিনটি বোমা, একটি শর্টারগান ও একটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে গাংনী থানায় চাঁদাবাজি, বোমাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আগেও জাহাঙ্গীর আগ্নেয়াস্ত্র ও বোমাসহ একাধিকবার র্যাব ও পুলিশের হাতে ধরা পড়েছিল।
জাহাঙ্গীরের স্ত্রী রুনা খাতুন জানান, র্যাবের সোর্স ফিরোজ বাড়ির পাশে বোমা ও সার্টারগান রেখে নাটক সাজিয়ে তার স্বামীকে ধরিয়ে দিয়েছে।
গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনের দাবি, ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
