‘আদালতের ওপর আধিপত্য করতেই সংবিধান সংশোধন’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিচারপতিদের ভয়ের মধ্যে রেখে আদালতের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই উচ্চ আদালতের বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেয়া হচ্ছে। এর ফলে দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অপসারণ দুইটিই থাকবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণাধীন।
আজ মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এই সংবাদ ব্রিফিং হয়। এতে সংবিধান সংশোধনের প্রতিবাদে জোটের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দিলে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু থাকবে না।
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।