চীনের গুরুত্বপূর্ণ নগরী সাংহাইয়ে ব্রিটেনের কনসাল-জেনারেল তার এক পুরুষ সঙ্গীকে বিয়ে করেছেন। সপ্তাহান্তে বেইজিংয়ে রাষ্ট্রদূতের বাসভবনে এ বিয়ে সম্পন্ন হয়। চীনে এ সমকামী বিয়ের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
ব্লগে পরিবেশিত এক বার্তায় বলা হয়, ব্রায়ান ডেভিডসন শনিবার তার আমেরিকান সঙ্গী স্কট চ্যাংকে বিয়ে করেন। বিশ্বের প্রায় ২৪টি দেশের ব্রিটিশ কনস্যুলেটে যুক্তরাজ্যের নাগরিকরা একই লিঙ্গের কাউকে বিয়ে করতে পারবেন এমন নতুন আইন হওয়ার পর তারা এ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রাষ্ট্রদূত সেবাস্টিয়ান উড নতুন এ যুগলের মাঝখানে দাঁড়িয়ে তার একটি ছবি পোস্ট করেন।
ছবিতে হাসিমুখ উডের হাতে একটি লাল কার্ড দেখা যায়। কার্ডটিতে ‘ভাল থাকুন এবং চালিয়ে যান’ এমন কথা লেখা ছিল।
এক টুইটার বার্তায় উড লিখেন, ‘আমার বাসভবনে ব্রায়ান ডেভিডসনের সমকামী বিয়ের আয়োজন করতে পেরে আজ আমি আনন্দিত এবং গর্বিত। আমি তাদের সুখী ও সুন্দর জীবন কামনা করি।’
বেইজিংয়ে ব্রিটিশ দূতাবাসের এক মুখপাত্র এএফপিকে এ সমকামী বিয়ের খবর নিশ্চিত করেন। তবে এ যুগল এটিকে একটি ‘ব্যক্তিগত বিষয়’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে চীনে সমকামীদের সম্পর্ক অবৈধ না হলেও একে কেন্দ্র করে দেশটিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
