রাজশাহীতে ট্রেনের ছাদে যুবকের লাশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৪
 
 
 
ঢাকা থেকে রাজশাহী আসা সিল্কসিটি ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঐ যুবকের লাশ উদ্ধার করে।
জিআরপি সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহী স্টেশনে সিল্কিসিটি ট্রেনটি এসে থামে। ট্রেনটি পরিস্কার করার জন্য সুইপাররা ট্রেনের ছাদে উঠলে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
রাজশাহী জিআরপি থানার ওসি সুনীল কুমার ঘোষ জানান, ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ওই যুবক দুর্ঘটনার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে।