বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি। বা নিজেই সব সময় থেকেছেন বিতর্কের মাঝে। তার বিতর্কে জড়ানোটা নতুন কোনো খবর নয়। হয়তবা ঘটনার ভিন্নতার কারণেই তার বিতর্ক খবর হয়ে ওঠে। এবার সাবেক জামাই অ্যাগুয়েরোর নাম শুনতেই ক্ষেপে গেলেন কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।
ক্রোয়েশিয়ায় এক পানশালায় মদ্যপান করার পর মাতলামি করেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ। ছুটি কাটাতে ক্রোয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানকার এক পানশালায় তার পাশের এক লোক আর্জেন্টিনার ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর নাম বলতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন আর্জেন্টাইন এই কিংবদন্তী।
মেয়ে জান্নিনার সঙ্গে আগুয়েরোর ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকেই ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক খারাপ ম্যারাডোনার। ওই লোক কোনো কারণে আগুয়েরোর নাম নিতেই হয়তো রেগে যান তিনি। এ সময় আগুয়েরোকে উদ্দেশ করে অশ্রাব্য গালাগালও দেন।
বিভিন্ন ওয়েবসাইটের খবরে জানানো হয়, একপর্যায়ে পানশালার বাইরের রাস্তায় একটি কাচের বোতল ছুড়ে মারেন ম্যারাডোনা।
