মিঠামইনে দুই গ্রুপের সংঘর্ষে ২ শিশু নিহত, আটক ১০

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৪
 
 
 
কিশোরগঞ্জে মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, ঐ গ্রামের বাছির মেম্বার ও হায়দার আলী গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে  বিরোধ চলছিল। সোমবার রাতে দুই গ্রুপের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধারে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের নিক্ষিপ্ত বল্লমের আঘাতে মুর্শিদ  মিয়ার মেয়ে চায়না আক্তার (৯) এবং মো. আলীর পুত্র মোজাক্কির (১২) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন। আহতদের মিঠামইন, ইটনা ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।