শাহজালালে মদ ও চোরাই লাগেজসহ আটক ২

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৬
 
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাস থেকে ১০২ বোতল বিদেশি মদসহ গাড়িচালক মোস্তফা খানকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে এ ঘটনা ঘটে।
এএপির সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বলেন, আজ বেলা সাড়ে ১১টায় বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট পার হওয়ার সময় রানওয়ে থেকে বেরিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি নিজস্ব মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫১৫১২২) তল্লাশি চালিয়ে গাড়ির আসনের নিচ থেকে ১০২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক মোস্তফা খানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা জানিয়েছে, বিমানের ঝাড়ুদার মোর্শেদ মদের বোতলগুলো তাকে দিয়েছে। মদগুলো চোরাই বলে জানা গেছে। উদ্ধার হওয়া মদের দাম প্রায় ২ লাখ টাকা।
এ দিকে আজ বেলা ১১টায় তিনটি চোরাই লাগেজসহ জোরানা খাতুন নামে একজন দুবাই ফেরত যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তার পাসপোর্ট নম্বর অউ-১৭০১৩৪৭। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরের দিপাশোরে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। চুরি হতে যাওয়া লাগেজের মালিকরা হলেন সৌদি ফেরত আজাদ, বাবর ও জাহাঙ্গীর।
 
ইঅ/চৌফে/শ১৬৭