আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান ও এমডিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক কার্যালয় থেকে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এ নোটিশ করেছেন।
নোটিশে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ-হিল বারী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা বারীকে ১৭ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৩ শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
