মান্নানের স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৫
 
 
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করবে দুদক। মঙ্গলবার দুপুরে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগের প্রতিবেদন গত সপ্তাহে কমিশনে দাখিল করা হয়। প্রতিবেদনে মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। ঐ প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। যে কোনো সময় মান্নানের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন।
দুদক সূত্র জানায়, অভিযোগ অনুসন্ধানে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার অফিস, এনবিআর, বিআরটিএ, রাজউক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, রিহ্যাব, ব্যাংক-বীমাসহ অন্যান্য অফিসে অনুসন্ধান করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সম্পদের হিসাব নির্ণয় করা হয়। এ সব থেকে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুদক। যেখানে মান্নান খানের বিরুদ্ধে ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।