সাম্প্রতিক বন্যায় উত্তরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ৮ জেলায় ব্রক্ষপুত্র অববাহিকায় ৭৬ হাজার ৮৪৮ হেক্টর জমির শস্য বিনষ্ট হয়েছে। যার মূল্য প্রায় ৫৮৭ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সূত্র এ কথা জানায়।
এ বছর উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ ও নাটোর জেলার নদী তীরবর্তী ৩৯টি উপজেলার শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত্ হয়েছে ৫ দশমিক ৩৩ লাখ কৃষক।
ক্ষতিগ্রস্ত শস্যের মধ্যে ৬৬ হাজার ৪৮২ হেক্টর জমির রোপা আমন বিনষ্ট হওয়ায় এতে ক্ষতি হয়েছে ৪৯৬ দশমিক ৪৬ কোটি টাকা। আমন বীজতলা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩ দশমিক ২১ লাখ টাকা, আউস ধানের ক্ষতি ৩২ দশমিক ৫৫ কোটি টাকা, শাকসবজির ক্ষতি ৪৬ দশমিক ৫৮ কোটি টাকা, বুনা আমনের ক্ষতি ১০ দশমিক ১৫ কোটি টাকা এবং অন্যান্য শস্যের ক্ষতি ৪৮ দশমিক শূন্য ৫ লাখ টাকার। বাসস
