সিরাজদিখানে ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৪
 
 
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাক চাপায় সোহেল মিয়া (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার রামের খোলা নামক স্থানে ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা জেছে। এ ঘটনায় তাত্ক্ষনিক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাসও ভাঙচুর করে। পুলিশ ট্রাক ড্রাইভার কামাল হোসেনকে (২৭) আটক করেছে।
 
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, সন্ধ্যার আগে ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সোহেলের মোটর বাইকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাক চালক ট্রাকটি ফেলে পালিয়ে যাবার সময় টহল পুলিশ তাকে আটক করে। পরে স্থানীয় জনতা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এবং  কয়েকটি গাড়ী ভাঙচুর করে। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দু’দিকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। যানজটে আটকা পড়ে  যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।