চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ০০:০৯

চট্টগ্রামে নগর ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। ছাত্রলীগ নেতার নাম শহীদুল ইসলাম। তিনি নগর ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে এক ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে । মঙ্গলবার রাতে নগরের আগ্রাবাদ ঝর্ণাপাড়া এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাঁকে আটক করে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত ইত্তেফাককে বলেন, নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে শাহাদাত হোসেন সাগর নামের এক ব্যক্তিকে তুলে এনে আগ্রাবাদ ঝর্ণাপাড়া এলাকার একটি সেলুনের চেয়ারে শিকল দিয়ে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ আসে পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) উজ্জ্বল ইত্তেফাককে জানান, ‘পাওনা টাকা আদায় করতে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে শুনেছি। থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’ গুরুতর আহত ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।