নিজের ৫ সন্তানকে হত্যা!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫১
 
যুক্তরাষ্ট্রের এক বাবা তার পাঁচ সন্তানকে হত্যা করছে বলে সন্দেহ করছে পুলিশ। ঐ শিশুদের হত্যা করে তাদের অন্য রাজ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এএফপি জানিয়েছে, দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের টিমোথি রে জোনস নামের ঐ ব্যক্তিকে শনিবার মিসিসিপি অঙ্গরাজ্য থেকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
টিমোথি রের সাবেক স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, এক থেকে আট বছর বয়সী ঐ পাঁচ শিশু গত বুধবার থেকে নিখোঁজ। তিনি টিমোথির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিনভর তল্লাশি চালানের পর ঐ পাঁচটি শিশুর লাশ আলাবামার একটি মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে কর্তৃপক্ষ। তাদের লাশগুলো মাটিচাপা দেয়া ছিল।
আলাবামার জননিরাপত্তা দফতরের মুখপাত্র সার্জেন্ট স্টিভ জারেট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, টিমোথি তদন্ত কর্মকর্তাদের মৃতদেহের সন্ধান দেন। 
মিসিসিপির পুলিশ জানায়, গত শনিবার মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালনোর জন্য একটি নিরাপত্তা তল্লাশি চেকপয়েন্ট তাকে আটক করে। তার গাড়ির ভেতর থেকে ব্লিচ, হাইড্রোলিক এসিড ও রক্তসহ অপরাধ সংঘটনের বিভিন্ন আলামত পাওয়া যায়।
দক্ষিণ ক্যারোলিনায় টিমোথি তার প্রতিবেশীকে বলেছিলেন, তিনি তার সন্তানদের নিয়ে রাজ্য ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।