বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দেশীয় অস্ত্র তৈরির ওয়ার্কসপের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার সকালে ওই ওয়ার্কসপে অভিযান চালিয়ে একটি এলজি, দুটি পাইপগান ও দুটি কার্তুজসহ ওয়ার্কসপ মালিক সেলিম সেরনিয়াবাতকে (৪৫) আটক করেছে র্যাব।
র্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরের ওই ওয়ার্কসপে অভিযান চালিয়ে এর মালিক সেলিমকে আটক করা হয়। পরবর্তীতে দোকানের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১টি এলজি, ২টি পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। সেলিম গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে সেলিম ওয়ার্কসপে দেশিয় অস্ত্র তৈরি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।
