সিরাজগঞ্জে মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার সকাল ১১টায় জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।
আসামিরা হলেন- উল্লাপাড়ার রাঘববাড়িয়া গ্রামের মনছুর আলী (মৃত্যুদণ্ড) ও শাহজাদপুরের দ্বারিয়াপুর গ্রামের শহিদুল ইসলাম (যাবজ্জীবন)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের নভেম্বরে শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের কাছে কম দামে মাছ বিক্রি করবে বলে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এর পর থেকে কুদ্দুস নিখোঁজ থাকে। পরে উল্লাপাড়ার লক্ষ্মীপুর গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন মনছুর ও শহিদুলের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
