নারায়ণগঞ্জে অবরুদ্ধ অবস্থায় কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিচারপতিদের অভিসংশন নিয়ে সংবিধান সংশোধনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নগর বিএনপি। কেন্দ্র থেকে ২০ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা করা হলেও বিএনপি ও সহযোগী সংগঠন ব্যতীত ২০ দলের অন্য কোন সংগঠন এতে উপস্থিত হয়নি।
বুধবার সকাল ১০টায় নগর বিএনপির উদ্যোগে ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার মুখে তা বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশ বিক্ষোভ সমাবেশে ব্যবহার করার জন্য মাইক লাগাতেও বাধা দেয়।
পরে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামালের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে। পুলিশের বাধার মুখে অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভ সমাবেশ করেন নগর বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল বলেন, শেখ হাসিনার দুনিয়া ছোট হয়ে আসছে তাই শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। নির্যাতন যত বাড়বে সরকার পতনের দিন তত ঘনিয়ে আসবে।
নগর বিএনপির সহ সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এটি এম কামাল, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ প্রমুখ।
