রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের সময় তিন দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগামী শনিবার পর্যন্ত ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহকারীরা। আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের ইসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তৃতীয় ও শেষ পর্যায়ে ঢাকা মহানগরীসহ সারা দেশে ১২০টি উপজেলা/থানায় তথ্য সংগ্রহের শেষ দিন ছিল বুধবার। তবে ঢাকা মহানগরী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের সময় তিন দিন বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে।
তিনি আরো বলেন, ভোটার হওয়ার যোগ্য প্রত্যেকে যাতে হালনাগাদ কার্যক্রমে ভোটার হতে পারেন সে জন্য তথ্য সংগ্রহের সময় তিন দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা ও নিবন্ধনের কাজ চলবে।
ইসি সূত্র জানিয়েছে, তৃতীয় ও শেষ পর্যায়ের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিন ছিল বুধবার। গত ১ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগরীসহ সারা দেশে ১২০টি উপজেলা/থানায় তথ্য সংগ্রহের কাজ চলে। তবে অভিযোগ উঠেছে ঢাকা মহানগরীর অধিকাংশ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করেননি তথ্য সংগ্রহকারীরা। যে কারণে ভোটার যোগ্যদের বড় একটি অংশ ভোটার হওয়া থেকে বঞ্চিত হওয়ার আশংকা করা হয়। আজ নির্বাচন কমিশনের জরুরি এক বৈঠকে ঢাকা ও নারায়নগঞ্জে ভোটারের তথ্য সংগ্রহের সময় বৃদ্ধি করা হয়েছে।
এ প্রসঙ্গে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটার হতে না পারবেন তারা ১৮ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। তা ছাড়া সারাবছরই ভোটার হওয়ার সুযোগতো থাকছেই।
ইঅ/চৌফে/শ২৬৫
