রাজধানীর কমলাপুর রেলষ্টেশনে বুধবার এক যাত্রীর জুতার ভিতর থেকে দেড় কেজি ওজনের ১২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামের ঐ যাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে।
ঢাকা জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন। বিকাল ৩ টার দিকে কমলাপুর রেলষ্টেশনে নামার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তার দুই জুতার ভিতর অভিনব কায়দায় ১২ টি স্বর্ণের বার লুকানো ছিল। উদ্ধার করা স্বর্ণের বার ঢাকায় এক ব্যক্তির কাছে তার পৌঁছে দেয়ার কথা ছিল। এ ব্যাপারে জাহাঙ্গীরের বিরুদ্ধে ঢাকা জিআরপি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
