রাজধানীর খিলগাঁও থানার ছোট বটতলা এলাকার ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম ঋতুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে নিপীড়ক শিমুলসহ তার সহযোগীদের বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার মানববন্ধন করবে বিপ্লবী নারী সংহতি। বিকাল ৫ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে উপস্থিত থাকবেন বিপ্লবী নারী সংহতির সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী শীল, সংগঠনের সহ সমন্বয়ক ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী সংহতির কেন্দ্রীয় সদস্য রেবেকা নীলা, অপরাজিতা দেব, জান্নাতুল মরিয়ম তানিয়া, আরিফা সুলতানা, কানিজ ফাতেমা মিথিলা, নাসরিন আকতার সুমিসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
এক প্রেস বিবৃতিতে বিপ্লবী নারী সংহতি পক্ষ থেকে অবিলম্বে উম্মে কুলসুম ঋতুর মৃত্যুতে প্ররোচণাকারী যৌন নিপীড়ক শিমুল ও তার সহযোগীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এতে আরও বলা হয়, পুরুষতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা নারীর মানুষের মতো বেঁচে থাকার ও চলাফেরার নিরাপত্তা দিতে পারছে না। তাই ঋতুর মতো শিক্ষাথীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
বর্তমান পণ্য ও পর্নো সংস্কৃতির কারণে নারীরা আজ নিজ ঘরেও নিরাপদ নয়। দেশজুড়ে ভয়াবহ মাত্রায় বেড়ে চলেছে যৌন নিপীড়ন ও ধর্ষণ। প্রশাসন নারীর নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ হচ্ছে। ধর্ষক-নিপীড়কেরা ছাড়া পেয়ে যাচ্ছে। তাই অবিলম্বে যৌন নিপীড়ক ও ধর্ষকদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং নারীর মানুষ হিসেবে বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে।
ইঅ/চৌফে/শ২০০
