পারটেক্স সুগার মিলসের এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৫

১৫০ কোটি টাকা আত্মসাৎ



প্রায় ১৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পারটেক্স সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আজিজকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর দুইটা থেকে বিকাল পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এদিকে বিকালে ঋণ জালিয়াতির অভিযোগ অস্বীকার করে দুদকে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ বলেন, সোনালী ব্যাংকের টাকা আত্মসাৎ বা জালিয়াতি কোনোটিই সত্য নয়। ব্যাংকে আমাদের পেমেন্টও নিয়মিত আছে। কাজেই আত্মসাৎ বা জালিয়াতি কোনো প্রশ্নই ওঠে না। দুদকের অভিযোগের বিষয়ে দুদকের কাছে বক্তব্য উপস্থাপন করেছি।
দুদক সূত্র জানায়, চিনি আমদানির নামে এলসির বিপরীতে পারটেক্স গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখা থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানির নামে ২০১১ সালে সাত কোটি ৪২ লাখ টাকার এফডিআরের বিপরীতে (১৮০ দিন বিলম্বে পরিশোধের ভিত্তিতে) বঙ্গবন্ধু এভিনিউ শাখায় ১৫০ কোটি টাকার দুটি এলসি খোলে পারটেক্স সুগার মিলস লিমিটেড। এলসির বিপরীতে ৩০ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি করলেও তা বিক্রি করে কোনো টাকা ব্যাংকে জমা করা হয়নি। এতে সৃষ্ট পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) শ্রেণীভুক্ত করে এফডিআর সমন্বয় করার পরও পারটেক্স সুগার মিলসের কাছে সোনালী ব্যাংকের পাওনা দাঁড়ায় ১৩৬ কোটি টাকা।