অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) সাব-ইন্সপেক্টর আসাদুজ্জামানসহ চারজনকে আটক করেছে র্যাব। বুধবার বিকালে রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন এসআই আসাদুজ্জামান (৪০), সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান অপু ও মশিউর রহমান। তাদের কাছ থেকে র্যাব ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। তাদের আটকের বিষয়টি র্যাব-১ একজন কর্মকর্তা নিশ্চিত করলেও র্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া শাখা থেকে কোন কর্মকর্তা নিশ্চিত করেননি।
র্যাব-১ সূত্রে জানা গেছে, দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে র্যাবের একটি টহল টিম একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চ্যালেঞ্জ করে। এসময় ঐ তিন আরোহীর পক্ষ নিয়ে একজন ব্যক্তি র্যাবের কাছে কৈফিয়ত চায়। এক পর্যায়ে তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা বলে দাবি করলে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে তার শরীর তল্লাশি করে কাছ থেকে ১ টি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়। র্যাবের তাদেরকে আটক করে র্যাব-১ কার্যালয়ে নিয়ে আসে।
