‘পর্যায়ক্রমে সকল কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিত করা হবে’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ২১:০৬
 
 
                           
 
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন,গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক অবশিষ্ট সকল কর্মচারীকে পর্যায়ক্রমে নিয়মিত করা হবে। ভাউচারভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। শিঘ্রই গণপূর্ত বিভাগের মাধ্যমে ৩০ তলা ভবন নির্মাণ কাজ শুরু করা হবে। এ বিভাগের দক্ষতা বাড়িয়ে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বুধবার গণপূর্ত অধিদপ্তরের এক হাজার ৭২৭জন কার্যভিত্তিক কর্মচারীর নিয়মিতকরণ উপলক্ষে এক কর্মচারী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সব কথা বলেন।
বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সেগুনবাগিচায় গণপূর্ত ভবন চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
গণপূর্ত মন্ত্রী বলেন, ভাউচারভিত্তিক কর্মচারীরা সরকারি একাউন্টস অফিসের মাধ্যমে বেতন পান। তাই তাদের বেতন বাড়ানোর বিষয়টি আইনগত দিক দেখতে হবে। তবে তারা যে পরিমান বেতন পাচেছন তা অত্যন্ত কম। গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বাড়নোর উদ্যোগ নেয়া হয়েছে। আগে ছয় তলার বেশি উঁচু ভবন নির্মাণ করার সক্ষমতা গণপূর্ত বিভাগের ছিল না। কিন্তু ন্যাম ভবন নির্মাণের সময়ে এ বিভাগের সক্ষমতা বাড়ানো হয় এবং সফলভাবে ভবনগুলো নির্মাণ করা হয়।
তিনি বলেন, কার্যভিত্তিক কর্মচারিদের সমস্যাটি দীর্ঘদিনের হলেও আগে কেউ এ দিকে দৃষ্টি দেয়নি। বর্তমান সরকার এত বিপুল সংখ্যক কর্মচারিকে নিয়মিত করেছে। দেশ স্বাধীনের পর যা কিছু অর্জন তা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে। অথচ বর্তমান মেয়াদসহ মাত্র ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।
বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ অবশিষ্ট ২০৮৩জন কার্যভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানান। তিনি ভাউচারভিত্তিক কর্মচারীদের কার্যভিত্তিক কর্মচারীতে রূপান্তর ও পরবর্তীতে তাদের নিয়মিতকরণের মাধ্যমে ভাউচারভিত্তিক কর্মচারি নিয়োগ বন্ধ করার পরামর্শ দেন।
বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খোরশেদ আলম, ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জালাল উদ্দিন ঠাকুর, সহসম্পাদক শরীফ তাজিকুর রহমান, শাহজাহান ভূঁইয়া, মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমূখ।
 

 ইঅ/চৌফে/শ৩০৫