ইসলামিক স্টেট জিহাদীদের মোকাবেলা প্রশ্নে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাগদাদ সফরের পর বুধবার বাগদাদে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।
কর্মকর্তারা জানান, বাগদাদের পূর্বাঞ্চলে একটি জনাকীর্ণ এলাকায় এক থানার পাশে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পর এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এ নিহতের ঘটনা ঘটে। এতে আরো ৩১ জন আহত হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসলামিক স্টেট জিহাদীদের মোকাবেলায় একটি নতুন মার্কিন কৌশলের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে এক আঞ্চলিক সফরে রয়েছেন। পূর্ব ঘোষণা ছাড়াই তিনি বাগদাদ সফর করেন। এটি তার সফরে প্রথম যাত্রাবিরতি।
