ভেজাল প্যারাসিটামল মামলায় দণ্ডিত হেলেনা পাশার জামিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ০০:৩৬
অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের অন্যতম পরিচালক ডা. হেলেনা পাশাকে জামিন দিয়েছেন হাই কোর্ট। হেলেনা ভেজাল প্যারাসিটামল উৎপাদন ও বিপণনের দায়ে দণ্ডিত।
গত ২২ জুলাই ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ ২১ বছর আগে দায়ের করা এ মামলার রায়ে এই আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে হেলেনার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ বুধবার তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
৭৮ বছর বয়সী এই আসামি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তার জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউল বশর ভাণ্ডারী।
মামলার প্রধান আসামি ও কোম্পানির পরিচালক আনোয়ার পাশা তদন্ত চলাকালেই মারা যান। পরে তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।   
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৩ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের প্যারাসিটামল সিরাপে ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে। ওই বছর জানুয়ারিতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী।