সিরাজগঞ্জে মাছ ব্যবসায়ী হত্যা মামলার রায়: একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ০১:০৯

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবদুল কুদ্দুস বেপারী হত্যা মামলায় প্রধান আসামি মনসুর শেখকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ রায় দেন।

মনসুর উল্লাপাড়া উপজেলার রাঘববাড়ীয়া গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, মাছ ব্যবসা নিয়ে মনসুর ও কুদ্দুসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৯ সালের ৪ নভেম্বর সন্ধ্যায় কম দামে মাছ কিনে দেওয়ার কথা বলে মনসুর মুঠোফোনে কুদ্দুস বেপারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এ ঘটনার তিন দিন পর উল্লাপাড়ার ছোট লক্ষ্মীপুর গ্রামের মাঠ থেকে কুদ্দুস বেপারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে মনসুর ও শহিদুল ইসলামকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই বছরের ১ ডিসেম্বর ঢাকার নবাবপুর এলাকা থেকে মনসুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মনসুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।