আর বিভ্রান্তি চান না বীরশ্রেষ্ঠ’র সন্তানেরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ০১:৫১

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নব মুক্তিসেনা নামে এক সংগঠন বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক স্মরণ সভা আয়োজন করে। সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে আর বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মোহাম্মদ মোস্তফা। এ কে খন্দকারের বই নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সভায় তিনি এই আহ্বান জানান।

মোস্তফা বলেন, “স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। “৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলেছিলেন নাকি জয় পাকিস্তান বলেছিলেন, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার সর্বাধিনায়ক নাকি জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সেই কথা উঠছে। ইতিহাস নিয়ে এত বিভ্রান্তি কেন,”  ক্ষুব্ধ কণ্ঠে বলেন তিনি।  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হলেও তার কাজে সন্তুষ্ট নন বীরশ্রেষ্ঠের এই সন্তান। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চতুর্থ শ্রেণির বইয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের গ্রামের নামও ভুল ছিল বলে জানান তিনি। নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হলেও স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা দেখতে আর চান না মোস্তফা।  এ প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির গাড়িতে জাতীয় পতাকা উড়েছে, এটা জাতির জন্য কলংকের। যারা এ কাজ করতে সহায়তা করেছে তাদের বিচার আল্লাহ করবেন। তবে ভবিষ্যতে এমন কিছু দেখতে চাই না।”

সভায় নব মুক্তিসেনার আহ্বায়ক সুব্রত ঘোষ বলেন, “প্রতিবছরই আমরা বীরশ্রেষ্ঠদের জন্মদিন ও মৃত্যুদিবস পালন করি। এটি যেন জাতীয় ভাবে পালনের উদ্যোগ নেয়া হয় সেজন্য সরকারের কাছে অনুরোধ জানাই। সভায় উপস্থিত ছিলেন ব্লগার অ্যান্ড অনলাইন এ্যাকটিভিষ্ট নেটওয়ার্কের সভাপতি অনিমেষ রহমান, সহ সভাপতি সাগর লোহানী, আয়োজক সংগঠনের নেতা রাজীব পোদ্দার প্রমুখ।