বুধবার রাতে রাজধানীর গুলশান-১ নম্বরে আবু সাঈদ (৩০) নামের এক মোবাইল ব্যবসায়ী ও তাঁর বন্ধু কামাল হোসেন (৩০)কে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আবু সাঈদ জানান, গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটে তানিশা এন্টারপ্রাইজ নামে তার একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বন্ধু কামালকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এ সময় স্থানীয় সন্ত্রাসী মাসুদ, সিরাজ ও আরিফ তাকে এবং তার বন্ধুকে কুপিয়ে পাঁচলাখ টাকা ও ২০টি মুঠোফোন নিয়ে যায়।
রাত ১২টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
