যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ ঘোষণা করেছেন। ইরাকে যেভাবে হামলা করা হয়েছিল সেভাবে সিরিয়ায়ও হামলার নির্দেশ দিলেন ওবামা। খবর বিবিসি, রয়টার্সের।
আজ বৃহস্পতিবার খবরে জানানো হয়েছে, গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আইএস’র বিরুদ্ধে নেয়া কৌশল তুলে ধরেন ওবামা। পাশাপাশি ইরাকে গোষ্ঠীটির অবস্থানের ওপর হামলা জোরদার করার নির্দেশ দেন।
ওবামা বলেন, আমেরিকার জন্য হুমকি সৃষ্টিকারী কোনো গোষ্ঠী কোনো নিরাপদ স্বর্গ খুঁজে পাবে না।
চার দফা কৌশল পরিকল্পনার মধ্যে ইরাকি সেনাবাহিনীকে সরাসরি সামরিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন তিনি।
এছাড়া আইএসের হামলায় যেসব বেসামরিক মানুষজন ঘরছাড়া হয়েছে তাদের জন্য আরো মানবিক সহায়তা বাড়ানো হবে বলেও জানান তিনি।
ইসলামিক স্টেটকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই সংগঠনকে পরাস্ত করার জন্য একটি জোট গঠন করা হবে। এই কর্মকৌশল কার্যকর করতে একটি জোট গঠনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে রয়েছেন।
বারাক ওবামা বলেন, সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটকে প্রতিহত করতে একটি দীর্ঘমেয়াদি সন্ত্রাস বিরোধী কার্যক্রম নিয়ে এগুচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা ইতিমধ্যেই দখল করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সিরিয়ার শহর রাকায় তারা এক ধরনের সরকারি শাসন প্রতিষ্ঠা করেছে বলে জানা যাচ্ছে। সেখানকার প্রশাসন কার্যক্রম চালানোসহ নতুন কর্মকর্তাও নিয়োগ দিচ্ছে জঙ্গি সংগঠনটি।
মার্কিন দুই সাংবাদিকসহ বিরোধী পক্ষের মানুষজনকে শিরোশ্ছেদ করে হত্যার মতো কার্যক্রমের জন্য ব্যাপক নিন্দিত হয়েছে ইসলামিক স্টেট।
