গাংনীতে বোমা-আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩২

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে ৪ ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ২টি এলজি শটগান, ৪টি তাজা বোমা ও একটি তালা ভাঙ্গার রড উদ্ধার করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে টুটুল হোসেন (২২) ও একই গ্রামের মোরাদ আলীর ছেলে মিঠুন (১৮), একই উপজেলার তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার মুনছের আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬) ও আরজ আলীর ছেলে স্বপন হোসেন (২০)।
গোয়েন্দা পুলিশের ওসি আখতারুজ্জামান জানান, ডাকাতদের একটি দল ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে একটি কক্ষে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি বোমাসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়। অপর ২ ডাকাত পালিয়ে গেছে। আটক ডাকাতদের গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিবি পুলিশের ওসি আখতারুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।