লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৪:১৩
 
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ইউনুছ (৩০) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে ও ডিবি পুলিশের এ এস আই মাহে আলমসহ  পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত তিনটার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবীতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মটবীতে বাসার বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের ও দত্তপাড়ায় খোরশেদ বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ ইউনুছকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ডিবি পুলিশদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, সন্ত্রাসী বাশার  ও তার বাহিনী নিয়ে মটবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় বাসার বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্ত্রাসী ইউনুছকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য।
অন্যদিকে, একই সময় দত্তপাড়া পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদসহ দুইজনকে দুটি এলজিসহ আটক করেছে।