কুমিল্লায় নারায়ণ চন্দ্র পাল নামে এক ব্যবসায়ীকে গলায় ছুরিকাঘাত করে ও বৈদ্যুতিক তারের শক দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজারে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের পুত্র ও মোহনপুর বাজারের সুমা ডিজিটাল স্টুডিওর মালিক নারায়ণ চন্দ্র পালকে (২৬) দুর্বৃত্তরা বুধবার গভীর রাতে তার দোকানে গলায় ছুরিকাঘাত করে ও হাত-পায়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দেবিদ্বার থানার ওসি (তদন্ত) পারভেজ হোসেন সরকার জানান, মোহনপুর বাজারে স্টুডিও ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
