পিরোজপুরে তেল পাচারকালে জাহাজসহ আটক ১৫

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৬:০৫

পিরোজপুরে তেল পাচারকালে একটি ট্রলার, ৩৫টি ড্রাম ও ১৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। কচা নদীর কাউখালী লঞ্চঘাট চ্যানেল থেকে একটি তেল বোঝাই জাহাজ থেকে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার পথে জাহাজের তেল পাচার হচ্ছিল। আটকব্যক্তিদের সঙ্গে এমটি রাশেদ এন্টারপ্রাইজ নামের তেল বহনকারী জাহাজটিও বরিশালের কীর্তনখোলা নদীর কোস্টগার্ড জেটিতে নিয়ে আসা হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন– কাউখালী কচুয়াকাঠি গ্রামের আনছার উদ্দিন ও মো. জাহাঙ্গীর, দাসেরকাঠি গ্রামের আ. সালাম, কুমিয়ান গ্রামের মো. ফারুক এবং জাহাজের স্টাফ মো. শফি, মো. মহসীন, নূরে আলম, মো. সাঈদ, আ. সামাদ, সেকান্দার ভূইয়া, দিদারুল ইসলাম, মো. শাহীন, মো. নাসিরউদ্দিন, মো. সুমন, মো. শাহীদুজ্জামান ও মাসুদুর রহমান।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লে. ইফতেখার হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কাউখালী চ্যানেলে অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল। জাহাজ থেকে তেলপাচার শুরু হলে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, ১৬ লাখ ৭৩ হাজার লিটার ডিজেলসহ চট্টগ্রাম থেকে এমটি রাশেদ এন্টারপ্রাইজ নামের জাহাজ খুলনা যাচ্ছিল। কাউখালী চ্যানেলে জাহাজটি আসার পর পাচারকারীরা ১৭টি ড্রামে তেল ভরা শুরু করে। তারা ৩৫টি ড্রামের মাধ্যমে ৮ হাজার ৫০ লিটার তেল পাচার করতে চেয়েছিল।
আটককৃতদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান লে. ইফতেখার হোসেন।