ফতুল্লা থানার সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৫২
 
 
 
অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাতআয় বহির্ভুত সম্পদের তথ্য গোপন করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক হেলাল উদ্দিন শরীফ রাজধানীর রমনা থানায় বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন।  কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে মো. হাছান আলীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। তিনি নির্ধারিত সময়ের মধে তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন। 
দাখিলকৃত সম্পদ বিবরণীতে হাছান আলী জ্ঞাত আয় বহির্ভূত ১৩ লাখ ৫২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। 
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয় বলে দুদক সূত্রে জানা যায়।