মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সৌদি আরব পৌঁছেছেন। ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের বিরুদ্ধে আরব দেশগুলো ও তুরস্কের সাথে জোট গঠনের বিষয়ে আলোচনার জন্যই সৌদি গেছেন তিনি।
আইএস জঙ্গিরা গত কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামী খেলাফত ঘোষণা করেছে। ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলার প্রতিবাদে গত মাসে দেশটিতে দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করা হয়।
এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, কেরি আইএস’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা সুগম করতে জেদ্দার সহযোগিতা চাইবেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর প্রস্তুতির কথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরাকে জিহাদিদের বিরুদ্ধে সামরিক অভিযানও জোরদার করা হবে।
