প্রায় সাড়ে ১৩ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রমনা থানায় এ মামলাটি করা হয়েছে। দুদকের সরকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরিফ বাদি হয়ে মামলাটি (মামলা নং-২০) দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মো. হাছান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করে দুদক। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন। কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১৩ লাখ ৫২ হাজার টাকার সম্পদের তথ্য গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এ সম্পদগুলো হাসান আলী তার স্ত্রী কামরুন নাহার রুবির নামে ক্রয় করে গোপন করার চেস্টা করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়েছে।
ইঅ/চৌফে/শ১৪৬
